সেবার জন্য শর্ত দিলেন ডাক্তাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসুস্থ ছোট্ট নাহার মামা শফিকের কোলে। পাশে তার মা। গতকাল সকালে নগরের হালিশহর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান তঁারা। কিন্তু রোগীর ভিড় ও চিকিৎসকদের মানববন্ধনের কারণে সেবা পেতে দেরি হওয়ায় দুপুরে ফিরে যেতে হয় তঁাদের l ছবি: প্রথম আলো
অসুস্থ ছোট্ট নাহার মামা শফিকের কোলে। পাশে তার মা। গতকাল সকালে নগরের হালিশহর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান তঁারা। কিন্তু রোগীর ভিড় ও চিকিৎসকদের মানববন্ধনের কারণে সেবা পেতে দেরি হওয়ায় দুপুরে ফিরে যেতে হয় তঁাদের l ছবি: প্রথম আলো

টানা চতুর্থ দিনের মতো গতকাল শনিবার চট্টগ্রাম মহানগরের বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে রোগীদের সেবা মেলেনি। কেবল নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) কিংবা করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) সেবা দরকার এমন রোগীকে এসব হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এর বাইরে নতুন কোনো রোগী নিচ্ছে না হাসপাতালগুলো। রোগীর চাপ বাড়ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
রোগীদের দুর্ভোগ বাড়লেও চট্টগ্রাম নগরের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ব্যক্তিগত চেম্বারে সেবা না দেওয়ার বিষয়ে অনড় চিকিৎসকেরা। তিন চিকিৎসকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার নেতারা।
এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে বেসরকারি খাতে চিকিৎসাসেবা নিয়ে যে অচলাবস্থা চলছে, তা আজ রোববারের মধ্যে নিরসনের উদ্যোগ নিতে তিনি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে অনুরোধ করেছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এভাবে চলতে পারে না। ধর্মঘট চলায় সরকারি হাসপাতালে চাপ বাড়ছে। আমি আজই (শনিবার) মেয়রের সঙ্গে কথা বলেছি। আশা করছি কালকের (রোববার) মধ্যে সমস্যার সুরাহা হবে।’
১০ জানুয়ারি নগরের সার্জিস্কোপ হাসপাতালে প্রসূতি মেহেরুন্নেছার মৃত্যু হয়। এ ঘটনায় চিকিৎসক মাহবুবুল আলম ও শামীমা সিদ্দিকীর অবহেলা ছিল বলে অভিযোগ করেন নিহত ব্যক্তির স্বজনেরা। তাঁদের বিরুদ্ধে গত মঙ্গলবার চট্টগ্রামের আদালতে মামলাও হয়। মেহেরুন্নেছা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের ভাতিজি। এ ছাড়া একই দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক রানা চৌধুরীর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে মামলা করেন রোগীর এক স্বজন। এরপর বুধবার বিকেল থেকে মামলা প্রত্যাহারের দাবিতে চিকিৎসকদের কর্মসূচি শুরু হয়।
গতকালের সংবাদ সম্মেলনে বিএমএ চট্টগ্রাম শাখার নেতারা দাবি করেন, চিকিৎসায় অবহেলা কিংবা ভুল চিকিৎসার অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত চিকিৎসকদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার বা কাউকে হয়রানি করা যাবে না। কোনো চিকিৎসকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলে আগে চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটি বিষয়টির তদন্ত করবে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে। এ-সংক্রান্ত আইন করতেও সরকারের কাছে দাবি জানান তাঁরা। চিকিৎসকদের নাগরিক অধিকার ও ভাবমূর্তি রক্ষায় বিএমএ কাজ করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
গতকালের সংবাদ সম্মেলনে বিএমএ নেতারা বলেন, বাংলাদেশে মাতৃমৃত্যুর হার এখনো শূন্যের কোঠায় আসেনি। তাই প্রসূতির মৃত্যুর ঘটনা অস্বাভাবিক কিছু নয়। প্রসূতি মেহেরুন্নেছার চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না। চিকিৎসক রানা চৌধুরীরও অস্ত্রোপচারে কোনো ভুল করেননি। বিএমএ নেতারা সার্জিস্কোপ হাসপাতালে প্রসূতির মৃত্যুতে ভাঙচুরের ঘটনার নিন্দা ও বিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএমএ চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান, জ্যেষ্ঠ চিকিৎসক ইমরান বিন ইউনুছ, বিএমএর যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল প্রমুখ।
অবশ্য সংবাদ সম্মেলনে মোহাম্মদ শরীফ চিকিৎসকদের কর্মসূচির বিষয়টি নিয়ে একটি সমঝোতার চেষ্টা চলছে বলে ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘দোয়া করেন যাতে আজকালের মধ্যে সমঝোতা হয়ে যায়।’ কে সমঝোতার চেষ্টা চালাচ্ছেন, তা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা মেয়রের সঙ্গে দেখা করেছি। কয়েকজন জ্যেষ্ঠ ব্যক্তি সমঝোতার চেষ্টা করছেন।’
এর আগে দুপুরে বিএমএর উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন ও সমাবেশ করা হয়। এ ছাড়া নগরের জেনারেল হাসপাতাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (ইউএসটিসি), মা ও শিশু জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের সামনে পৃথকভাবে মানববন্ধন করেন চিকিৎসকেরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধনে বিএমএ চট্টগ্রামের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বক্তব্য দেন অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যাপক শাহানারা চৌধুরী, বিএমএ নেতা প্রদীপ দত্ত, নাছির উদ্দিন মাহমুদ, ফয়সাল ইকবাল, রিজোয়ান রেহান প্রমুখ।
চট্টগ্রামে আন্দোলন প্রসঙ্গে জানতে চাইলে বিএমএর মহাসচিব এম ইকবাল আর্সলান প্রথম আলোকে, চট্টগ্রামে চিকিৎসকেরা শুধু বিকেলে ব্যক্তিগত রোগী দেখা বন্ধ রেখেছেন। সরকারি হাসপাতালে সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। তাঁরা সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা সেবা দিচ্ছেন। তাঁদের এই আন্দোলন প্রশংসার দাবি রাখে। তাঁরা শুধু ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়েছেন। এটা একটা ইতিবাচক প্রতিবাদ।
অবশ্য বিএমএর সমর্থনের সমালোচনা করেছেন স্বাস্থ্য আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফরিদা আখতার। তিনি প্রথম আলোকে বলেন, বেসরকারি ক্লিনিকগুলোর ওপর সরকারের যে কোনো নিয়ন্ত্রণ নেই এবং বিএমএর সহযোগিতায় এগুলো যে স্বেচ্ছাচারী ভূমিকায় নেমেছে সেটি এবারের আন্দোলনে স্পষ্ট হয়েছে। চিকিৎসাকে পেশা হিসেবে গ্রহণের আগে শপথ নিতে হয়। এমনকি হুমকির মুখেও চিকিৎসকেরা দায়িত্ব পালন থেকে সরে আসবেন না এমন শপথ নিয়েই তাঁরা কাজ শুরু করেন। চিকিৎসকেরা এই শপথ এখন নিচ্ছেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন ফরিদা আখতার।
চাপ বাড়ছে চট্টগ্রাম মেডিকেলে: হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, স্বাভাবিক সময়ের চেয়ে গড়ে অন্তত ১০০ জনের বেশি রোগী ভর্তি হচ্ছে। হাসপাতালের শয্যা রয়েছে ১ হাজার ৩১৩টি। তবে বেশি সমস্যা হচ্ছে বহির্বিভাগে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। বহির্বিভাগের এক চিকিৎসক বলেন, ‘দিনে গড়ে ৭০ থেকে ৮০ জন রোগী দেখি। কিন্তু গত কয়েক দিনে এটা ১০০ জনে দাঁড়িয়েছে।’
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে ২ হাজার ৩৫০ জন রোগী ভর্তি আছে। এই সংখ্যা আরও বাড়লে আমরা চিকিৎসা দিতে সমস্যায় পড়ব।’
ভোগান্তি: গতকাল বেলা একটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচিতে যোগ দিলে বহির্বিভাগে অপেক্ষায় থানা অনেক রোগী ফিরে যায়। আবার অনেক রোগীকে কাল (আজ) আসতে বলা হয়। অবশ্য বেলা দুইটায় কর্মসূচি শেষ হওয়ার পর বেশির ভাগ চিকিৎসক কর্মস্থলে যোগ দেন এবং অপেক্ষায় থাকা রোগীদের সেবা দেন।
কক্সবাজারের মহেশখালী থেকে আসা রোগী দুলাল দে বলেন, ‘আমাকে ছয় সপ্তাহ পর আসতে বলেছিলেন চিকিৎসকেরা। আজ (শনিবার) সকাল নয়টায় এসে সিরিয়ালের কারণে বেলা একটায় চিকিৎসককে দেখাতে পারি। তিনি এক্স-রে করে আবার আসতে বলেন। কিন্তু ফিরে এসে আর দেখাতে পারিনি। আমাকে আগামীকাল (আজ) আসতে বলা হয়।’
মা ইনারা বেগম টিকিট কেটে শেষ পর্যন্ত মেয়ে নুর নাহারকে চিকিৎসক দেখাতে পারেননি। তাঁদের আজ রোববার আবার আসতে বলা হয়েছে।